দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ (২৬) মাদারীপুরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

শনিবার (৯ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।  

এর আগে, গোবিন্দপুর উত্তর কান্দি উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। 

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে নাহিদা সুলতানার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন তার মা-বাবা ও স্বজনরা। 

পরে, জানাজায় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাফন শেষে বৃষ্টির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “বৃষ্টির নিহত হওয়ার পর থেকেই আমরা সার্বিক খোঁজখবর রেখেছি। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।” 

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “বৃষ্টির পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি। ন্যায়বিচার প্রাপ্তির জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।” 

নিহত বৃষ্টির চাচি জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি ছিল আমাদের এলাকার একটি শিক্ষার আলো। ওর মতো মেধাবী মেয়ে আমরা আর পাব না। যারা ওকে হত্যা করেছে, তাদের সবার শাস্তি চাই।” 

“পরিবারের সবচেয়ে হাসিখুশি ও শিক্ষিত মেয়েটা লাশ হয়ে ফিরেছে, এটা মানতে পারছি না” বলেন বৃষ্টির চাচা দানিয়াল আকন।