ফেনীতে মুক্তিপণ দাবির পর শিশুর মরদেহ পাওয়া গেল ডোবায়

ফেনীতে নিখোঁজ হওয়ার পর ডোবা থেকে হাসান (১৮ মাস) নামের এক শিশুর মরদেহ উদ্ধার ‍করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু হাসান লক্ষ্মীপুর জেলার কমল নগরের বাসিন্দা মোহাম্মদ তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে।

শিশুর বাবা মোহাম্মদ তারেক জানান, গত শনিবার (৯ মে) সকালে বাসার সামনে থেকে নিখোঁজ হয় তার ছেলে। সন্ধ্যার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোন করে প্রথমে তাদের কাছে ১২ হাজার টাকা চাওয়া হয়। পরে অপহরণকারীরা ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় সন্তানকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।

এ বিষয়ে রবিবার (১০ মে) শিশুটির পরিবার দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। স্বজনরা অভিযোগ করেন, নিখোঁজ ও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অবহিত করার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো চক্রের কাজ। তদন্তে জানা গেছে, ফোন করে হুমকি দেওয়া নম্বরটি নওগাঁয় ব্যবহার হচ্ছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম জানান, পুলিশের গাফিলতির অভিযোগটি সঠিক নয়। তারপরও বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।