বিক্রির অপেক্ষায় ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদ-উল-আজহাকে সামনে রেখে আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের একটি খামারে বড় হওয়া ৭০০ কেজি ওজনের একটি মহিষ। আদর করে যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে বড় হওয়া মহিষটির গায়ের রং গোলাপি, আর সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে এমন নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন ফার্মটির স্বত্বাধিকারী  জিয়াউদ্দিন মৃধা।

তিনি জানান, এলভিনো জাতের মহিষটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই একে একনজর দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। 

ঈদ-উল-আজহাকে ঘিরে প্রতিবছরই বিভিন্ন খামারে বিক্রির অপেক্ষায় থাকা এসব পশুর নাম বিভিন্ন চলচ্চিত্রের চরিত্র, আলোচিত ব্যক্তিদের নামে রাখার প্রবণতা দেখা যায়। মূলত ক্রেতাদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করতেই এ কাজটি করেন খামারিরা বলে মত স্থানীয়দের।