Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিস ডুবুরির মরদেহ উদ্ধার

পদক পাওয়া প্রশিক্ষিত নারায়ণগঞ্জের ওই ডুবুরি পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করায় দক্ষ ছিলেন

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য মো. সাদিকের (২৬) মরদেহ নিখোঁজের ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিক রাজবাড়ি জেলার গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের একটি পন্টুনের সামনে কচুরিপানা জমে থাকে। কচুরিপানা পরিষ্কার করতে সাদিক ও আরও দুইজন ফায়ার সার্ভিসের সদস্য কাজ শুরু করেন। এ সময় স্পিডবোটের সামনের দিকে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। পরে নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা শীতলক্ষ্যা নদীকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৮ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোটের সামনে থাকা ডুবুরি সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।”

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন,“স্পিডবোটের সামনে থাকা সাদিক নদীতে পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সাদিক একজন প্রশিক্ষিত ডুবুরি, কোনো আঘাত না পেলে তিনি এভাবে নিখোঁজ হতেন না।”

প্রসঙ্গত, সাদিক ছিলেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাই ছিল তার কাজ। গত মাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন সাদিক। তিনি গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন বলেও জানান তার সহকর্মীরা।

   

About

Popular Links

x