চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আজিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁও, ওয়াজীর বাপের বাড়ি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশার মালিক বেলাল হোসেনের সঙ্গে ছিলেন তুষার। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
বৃহস্পতিবার বিকেলে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়কের ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “তুষার নিখোঁজ ছিলেন এবং বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।”



