বাংলার টেসলা হিসেবে খ্যাত ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম কর নির্ধারণের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকাভেদে কর নির্ধারণের কথা ভাবছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটি।
বিভিন্ন গণমাধ্যমকে রাজস্ববোর্ডের দেওয়া তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে পরিকল্পনা অনুযায়ী বছরে ৫,০০০ টাকা এআইটি দিতে হতে পারে। এছাড়া পৌরসভা এলাকায় ২,০০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় চলাচলকারী যানের জন্য ১,০০০ টাকা কর নির্ধারণ করা হতে পারে।
সরকার ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনতে 'বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫'-এর খসড়া তৈরি করে। খসড়া নীতিমালায় নিবন্ধন সনদ, হালনাগাদ ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন নেওয়ার বাধ্যবাধকতার বিষয়ে উল্লেখ আছে। সেইসঙ্গে বলা হয়েছে, বৈদ্যুতিক থ্রি-হুইলারের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত হারে শুল্ক-কর আদায় করবে।
রাজধানীসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশার কোনও আনুষ্ঠানিক পরিসংখ্যান নেই। সারাদেশে এ ধরনের যানের সংখ্যা ৩০ লাখেরও বেশি। নিবন্ধন জটিলতা থাকায় এদের করের আওতায় আনা বেশ কষ্টসাধ্য হবে বলে মত বিশেষজ্ঞদের।