সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে।
জুলাই গণআন্দোলনে সরকার পতনের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেন গ্রেপ্তার হন। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে ডিভিশন পাওয়া এই আওয়ামী লীগ নেতা নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে একবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই বছর ৫ আগস্ট রাতে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৩ সালের ১২ জানুয়ারি। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত হন।
মোশাররফ হোসেন ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে একজন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।