হামের পরিবর্তে শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাসের শিশুকে হামের পরিবর্তে দেওয়া হয়েছে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন।  

বুধবার (১৩ মে) দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন।   

শিশুটির পরিবার জানায়, এক মাসের ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শিশুটির মা মৌ। সেখানে ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু তিনি উপস্থিত না থেকে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। 

এসময় স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। পরে পরিবারের লোকজন এর প্রতিবাদ করলে তাদের সাথেও খারাপ ব্যাবহার করেন কাইয়ুম। শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার।  

এবিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, “ভুলবশত এমনটি হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।”  

নিজের ভুল স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফর রহমান আজাদ জানান, এটি অনাকাঙ্খিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিন কোন সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।