ঈদ-উল-আজহায় নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে ১০ দফা সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১৪ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ জানায়, ঈদযাত্রায় যাত্রীদের টিকেট কেটে লঞ্চে ওঠা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (এনআইডি) সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নৌপথের যাত্রী ও নৌযান মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ বলেছে, ঈদ ঘিরে নৌপথে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত যাত্রী চলাচল করে। এ পরিস্থিতিতে নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে যাত্রীদের সচেতন থাকার বিকল্প নেই। অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা লঞ্চের ছাদে ভ্রমণ না করার আহ্বান সংস্থাটির।
এছাড়া শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে ওঠানামা, যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ থেকে বিরত থাকা এবং জরুরি প্রয়োজনে দায়িত্বরত কর্মকর্তাদের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।
যাত্রাপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে যাত্রীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ঈদযাত্রার ভিড় শুরুর আগেই পরিবার পরিজনকে গন্তব্যে পাঠানোর পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ।
নৌযানে ওঠার পর লাইফ জ্যাকেট ও লাইফবয় সম্পর্কে জেনে নেওয়া, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করা এবং পকেটমার, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝুঁকি নিয়ে ট্রলার বা নৌকা থেকে চলন্ত লঞ্চে ওঠানামা করা যাবে না।