জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোক। লিভারসংক্রান্ত জটিলতায় মৃত্যু হওয়া কারিনার মরদেহ দেশে আসছে বিকেলে।
রবিবার (১৭ মে) প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিকেলের দিকে দেশে পৌঁছাবে কারিনার মরদেহ। পরে বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নানির বাড়িতে শেষ শয্যায় শায়িত হবেন কারিনা।
কারিনার বাবা ও সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ এসব তথ্য জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন কারিনা, প্রথমে সাধারণ জ্বর মনে হলেও পরে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওইসময় কারিনার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এরপরই তার লিভার ফেইলরের কথা জানান চিকিৎসকরা।
আগে থেকে ফ্যাটি লিভারে আক্রান্ত কারিনাকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। তবে সেখানে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে গেলে একপর্যায়ে মৃত্যু হয় তার।