বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

বগুড়ায় মদপানের পর এক তরুণী বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে নির্যাতনের শিকার ওই তরুণী সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে, রবিবার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন - বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার মো. রকি (১৯)।

পুলিশ ও মামলা সূত্র জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রবিবার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজায় যান।

সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সকলে মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে রনি নামের আরেক যুবক তাদের সঙ্গে যোগ দেন।

মদপানের এক পর্যায়ে অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছান। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যান।

স্থানীদের কাছ থেকে খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে।

ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠান হয়েছে।