ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাবেক উপাচার্যের অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই নতুন উপাচার্যকে (ভিসি) দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ডুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে ছাত্রদল ডুয়েট শাখা ছাত্রদল।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন নিয়োগ বাণিজ্য, ভর্তি অনিয়ম ও উন্নয়ন কাজে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। নতুন ভিসি দায়িত্ব পালন করলে এসব অনিয়ম প্রকাশ পেয়ে যাবে। এই আশঙ্কায় একটি মহল পরিস্থিতিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে।
ছাত্রদলের অভিযোগ, জামায়াত-শিবির সমর্থিত একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
ছাত্রদল নেতৃবৃন্দ দাবি করেন, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয়।
তারা আরও বলেন, রবিবার (১৭ মে) নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গেটের ভেতরে অবস্থানরত শিবিরকর্মী ও বহিরাগতরা বাধা দেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী, পুলিশ এবং সাংবাদিকসহ অন্তত ২১ জন আহত হন। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল, সিনিয়র সহ-সভাপতি রুকন আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম।
ডুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. খসরু মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে আমরাও সমর্থন করি।”
এদিকে, রবিবার (১৭ মে) সংঘর্ষের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছে। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশসহ সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।