আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 

মঙ্গলবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

প্রথমে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করে দেন আপিল বিভাগ। পরে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি সেই মামলাগুলোতেও জামিন পান আইভী। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১০টি মামলায় আইভীর দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন প্রক্রিয়া চলাকালীনই সিদ্ধিরগঞ্জ থানায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। গত ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথক দুটি আদেশে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোর এ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করা হয়। গত ২৬ এপ্রিল রিটের শুনানি শেষে একটি রুল জারি করেন হাইকোর্ট। 

ওই রুলে সিদ্ধিরগঞ্জ থানার ওই পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কেন, একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে (আইভী) গ্রেপ্তার না দেখাতে এবং কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট। 

গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবনথেকে গ্রেপ্তার করা হয় আইভীকে।