ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলায় মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (২০) ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজনের উপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”