হাসপাতালে রোগীর জন্য তৈরি খাবার মুখে দিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য তৈরি খাবার মুখে দিয়েই ফেলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২০ মে) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের উদ্দেশে, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন” বলেও প্রশ্ন ছুঁড়তে দেখা যায় তাকে। পরে রোগীদের জন্য ভালোমানের খাবার সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, সকাল ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ও অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে অনেক রোগী ও তাদের স্বজনরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেলে ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে আসে আগুন। 

পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শনে যান মন্ত্রী। পরিদর্শন শেষে জেনারেল হাসপাতালটির “র‌্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন কর্নারে” গেলে তাকে ঘিরে ধরে নিজেদের অভিযোগের কথা জানান ভুক্তভোগীরা।এসময় হাসপাতালটিতে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে এনে দিতে হচ্ছে বলেও মন্ত্রীর কাছে অভিযোগ করতে দেখা যায় তাদের।