Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের এক বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার

করিম বাহিনীর দস্যুকে ৪টি বন্দুক, গুলি ও বন্যপ্রাণী শিকার সরঞ্জামসহ আটক করে কোস্ট গার্ড 

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:২২ পিএম

সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, “সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।”

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান চিহ্নিত করে গত বুধবার (৩ জুন) বিকেল ৩টায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় ডাকাত করিম শরীফ বাহিনীর ব্যবহৃত ১টি আস্তানা ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আটক ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরলগঞ্জ থানাধীন পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ডাকাত আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালসহ আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

   

About

Popular Links

x