গাজীপুরে প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে (২৫) পূর্বের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায় সিফাতের বিরুদ্ধে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টিনের মসজিদ এলাকার বাসা থেকে গাছা থানা পুলিশ সিফাতকে আটক করে।
এদিকে, সিফাত এনসিপি ও ইনকিলাব মঞ্চের সমর্থক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।
অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, “বিএনপি, ছাত্রদল এবং পুলিশ মিলে মব করে এই কিশোর ছেলেকে ধরে থানায় নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সরকার ও পুলিশ ভয়ের রাজত্ব কায়েম করছে। যাতে করে বিদ্যুৎ, জ্বালানি, নিত্যপণ্য ইত্যাদি বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে যেন কেউ মুখ খুলতে না পারে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানি বলেন, “প্রধানমন্ত্রী ও সরকারকে নিয়ে কটুক্তি করায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাছা থানাধীন টিনের মসজিদ এলাকা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়।”



