Friday, September 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে গাড়িটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। এতে প্রতিমন্ত্রীও আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান প্রতিমন্ত্রী ও বৃদ্ধার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x