নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার বিকেলে মুসলিমনগর এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটকে রেখে মারধর করছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানানো হয়। কলার দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
পরে ৯৯৯ থেকে ফতুল্লা থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আল-আমিন কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য ফতুল্লা থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোর হাফেজি সম্পন্ন করার পর আরও ভালোভাবে কোরআন মুখস্থ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়। অভিযোগ, মাদ্রাসায় ভর্তির পর থেকেই শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নিপীড়ন করে আসছিলেন।
সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে ওই শিক্ষক তাকে নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে কিশোরের মা তাকে মা্দ্রাসা থেকে বাড়িতে নিয়ে যান। সেখানে বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে আটকে রাখেন।
পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



