Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির নির্দেশনা

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শ্রীকৃষ্ণের জন্মদিন (শুভ জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান। 

ডিএমপি জানায়, শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। 

শোভাযাত্রার নির্ধারিত পথ হলো- শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। 

ডিএমপির নির্দেশনা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোভাযাত্রার নির্ধারিত পথে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে মাইক বা শব্দযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই ও গ্যাসলাইটারসহ কোনো ঝুঁকিপূর্ণ বস্তু সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না জানিয়েছে ডিএমপি। 

কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে বলা হয়েছে। এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। 

ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতেও বলা হয়েছে।

উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে ডিএমপির নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ। 

   

About

Popular Links

x