Thursday, September 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’

হাসপাতালের ৪০ থেকে ৬০% শৌচাগার ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ থেকে ৬০% শৌচাগার ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। হাসপাতাল পরিদর্শনের সময় অপরিচ্ছন্ন শৌচাগার দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে বলেন, ‘‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রীর এমন মন্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার আগে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৌচাগারের অবস্থা পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

এ সময় শৌচাগারগুলোর অপরিচ্ছন্নতা দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানের কাছে এর কারণ জানতে চান তিনি। জবাবে পরিচালক জানান, শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হয়। তবে দীর্ঘদিনের দাগ পুরোপুরি দূর করা সম্ভব হয় না।

এরপর মন্ত্রী বলেন, ‘‘আপনি সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব এই মুহূর্তে। যদি ক্লিন হয়, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, কেন আপনাদের এই অবস্থা? আই ওয়ান্ট টু ক্লিন রাইট নাও।’’

পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আমিন উর রশিদ বলেন, ‘‘আপনি তো ডিরেক্টর হিসেবে জয়েন করছেন। ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে চার মাস দায়িত্ব পালন করেন। এসব বিষয়ে তো আপনার নজর রাখার কথা।’’

তিনি আরও বলেন, ‘‘আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, ৪০ থেকে ৬০ শতাংশ বাথরুম আপনাকে আমি নিজে দেখালাম। এগুলোর মধ্যে কোনো বাথরুম ব্যবহার করার উপযোগী নয়। এটার জন্য তো কিছু দরকার নাই, শুধু ক্লিন করলেই রোগীরা ভালোভাবে ব্যবহার করতে পারে।’’

হাসপাতাল পরিদর্শন শেষে ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন ও রোগীদের সেবার মান নিয়ে আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘আপনারা আমাকে একটু সময় দেন। শিগগিরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করা হবে ইনশাআল্লাহ। ক্রমান্বয়ে হাসপাতালের সব সমস্যা সমাধান করা হবে।’’

আমিন উর রশিদ বলেন, ‘‘আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, দালালমুক্ত ও মানবিক হাসপাতাল গড়ে তুলতে চাই। মানুষ যেন সরকারি হাসপাতালে এসে আস্থা ও নিরাপত্তার সঙ্গে চিকিৎসাসেবা নিতে পারে।’’

এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

   

About

Popular Links

x