ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সোয়া এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। এ উপ-নির্বাচনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। ফল ঘোষণার সময় জেলার নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৪৯ ভোট।



