ফরিদপুরে আদালত চত্বর থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন।
আহত বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক।
বাচ্চুর ভাই ও ডেকোরেটর শ্রমিক বাদল খাঁ বলেন, “বৃহস্পতিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫-২০ জনের একটি দল তাকে তুলে ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়।“
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য তার জানা নেই। এ ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি।“



