শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত নজরুল এনা এক্সপ্রেসের সুপারভাইজার ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু বেপারীকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের বাসে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস যাত্রী ওঠানোর জন্য কালু বেপারীকান্দি এলাকায় সড়কের ওপর থামে। এ সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং দুই বাসের সাত যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালু বেপারীকান্দি এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস দুটি জব্দ করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।“



