পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ও তার ভাগ্নেকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটেরই একটি টিনশেড আধাপাকা কক্ষে তাদের গুলি করা হয়।
নিহতরা হলেন, হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম (৫৫) এবং তার ভাগ্নে মো. রিপন হোসেন (৩৭)। তারা দুজনই পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
জানা যায়, হাটের ইজারা নিয়ে পূর্ববিরোধের জেরে দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তারা হাটের অফিস কক্ষে অবস্থান করছিলেন। দুজনের বুকে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাটের ইজারা ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আব্দুস সালাম উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) নেতা আবুল কালাম ওরফে কালে কালামের ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, কেন বা কি কারণে করা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।



