ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেখ হোসেন আলী ওরফে হোসেন ওই উপজেলার দর্শা মন্তনী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভেতর গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাঁশঝাড়ের ভেতর মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, “ওই মুক্তিযোদ্ধার পরিবার সচ্ছল ছিল এবং সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তার মতবিরোধ ছিল।“
তিনি আরও বলেন, “তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



