মুন্সীগঞ্জে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর প্রাণ গেল

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান (২২) এবং তার বন্ধু একই গ্রামের রিপনের ছেলে আজওয়াদ (২২)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের বন্ধু মাসুদ স্থানীয় সাংবাদিকদের জানান, ঢাকা থেকে তারা ১৫ জন বন্ধু মিলে মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সবাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে সোপান ও আজওয়াদ স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা বন্ধুদের কেউ সাঁতার না জানায় তাৎক্ষণিকভাবে তাদের বাঁচাতে পানিতে নামতে পারেনি।

স্থানীয় প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ঢালী জানান, বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে সোপান ও আজওয়াদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তবে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। পরে তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ওসি আরও জানান, এটি একটি দুর্ঘটনা হওয়ায় নিহত শিক্ষার্থীদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে সহপাঠী, পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।