কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বকুল, সুমন, আকাইলী ও কদভানু। তাদের মধ্যে বকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত প্রভাবশালী পরিবারের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতারপাড়া গ্রামের মালিথা বংশ ও মন্ডল বংশের মধ্যে জমিজমা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার দুপুরে মালিথা বংশের কয়েকজন সদস্য ও সমর্থক একত্রিত হয়ে প্রতিপক্ষ মন্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে কর্নেলের কৃষিকাজে ব্যবহৃত সেচ মোটর (ডিপ) ঘরে তালা লাগিয়ে দেয়।
এ সময় কর্নেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টারও অভিযোগ ওঠে। এ ঘটনায় কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
একপর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এসময় বকুলের পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
সংঘর্ষে মালিথা বংশের বকুল, সুমন ও আকাইলী আহত হন। অন্যদিকে মন্ডল বংশের কর্নেলের মা কদভানুও আহত হয়েছেন।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ২ পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা হয়নি।