চট্টগ্রাম নগরীর পাঠানটুলি এলাকায় একটি বহুতল ভবনের লিফট শ্যাফট থেকে মাশফিক মাহমুদ খান (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ডবলমুরিং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহত মাশফিক বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাশফিক আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টার দিকে তিনি ভবনে ফিরে লিফটে করে উপরে ওঠেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে ভবনের ১০ তলায় লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফট শ্যাফট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে লিফটের কারিগরি ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।