বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তের জিরোপয়েন্টের ৪১নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
নিহতরা হলেন - ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তুমব্রু নো ম্যানস ল্যান্ডে ৪১নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় তারা। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন হঠাৎ বিষ্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে একব্যক্তি নিহত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”