বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে কসবা ও তার পাশ্ববর্তী কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বিজিবি।
অভিযানে প্রায় ৫০ লাখ ৮৩ হাজার ১৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে।
মঙ্গলবার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভারতীয় বাসমতি চাল, নোনা ইলিশ, ফুসকা, বাঁজি, বাটাল, কাচির আর্চারী, অরিও বিস্কুট, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, স্কিন ক্রিম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ছাড়া চন্ডিদার বিওপির টহলদল ৬ কেজি ভারতীয় গাঁজা, ২৩ কেজি বাংলাদেশি চাল ও একটি মোবাইল ফোনসহ মাদক পাচারের অভিযোগে মারুফা বেগম নামে এক নারীকে আটক করে। আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।’’



