বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী গুরুতর আহত হন।
সোমবার (২৫ মে) সকালে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, রংপুরের মাহিগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত কর্মকর্তা আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে পুস্পা আক্তার (৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন, নিহত আনিছুরের স্ত্রী আয়েশা খাতুন (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়ে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার শিশু মেয়ে পুস্পা আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন স্ত্রী আয়েশা খাতুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক আনিছুর রহমান ও তার মেয়ে পুস্পাকে মৃত ঘোষণা করেন। আয়েশা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন জানান, অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।