Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় জালনোটের মামলায় হাজিরা দিতে এসে জালনোটসহ আসামি গ্রেপ্তার

বগুড়া জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম

বগুড়ায় জালনোটের মামলায় আদালতে হাজিরা দিতে এসে ৪ লাখ ৫৩ হাজার টাকার জালনোটসহ রফিকুল ইসলাম (৪৭) নামে এক চিহ্নিত জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

পুলিশ জানায়, নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জালনোট সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে বেলা আড়াইটার দিকে বগুড়া জজকোর্টে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আদালত চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তল্লাশির সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জালনোট, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা, উদ্ধার করা হয়।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, রফিকুল ইসলাম একজন চিহ্নিত জালনোট কারবারি। তার বিরুদ্ধে জালনোট ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জালনোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

   

About

Popular Links

x