মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পের এক আউটসোর্সিং কর্মচারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) ঘোষিত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ, গোপনীয়তা ভঙ্গ এবং সেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল আরও জানায়, বুধবার অভিযুক্ত কর্মচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



