Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মসজিদে আরবি পড়ে বাড়ি ফেরার পথে তরুণীকে পাটখেতে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি মায়ের বাড়িতে ছিলেন

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় একটি মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পথে একই গ্রামের এক যুবক তাকে কিছু দেখানোর কথা বলে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুই যুবক অবস্থান করছিল। পরে তিনজন মিলে তাকে পার্শ্ববর্তী একটি পাটখেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় তিনি বর্তমানে মায়ের বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর তিনি বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।“

   

About

Popular Links

x