এক ঘণ্টার ভারি বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় সড়কে চরম ভোগান্তি

মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর ও কবরস্থান সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সোমবার (২৫ মে) দুপুরের আগে ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হলে নিউমার্কেটের প্রধান ফটক থেকে নীলক্ষেত হয়ে আজিমপুর পুরাতন কবরস্থান পর্যন্ত সড়কে দ্রুত পানি জমে যায়। কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ এসব সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।

জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা আটকে যায়। অনেক যানবাহনের ইঞ্জিন মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কটি প্রায় জলাশয়ে পরিণত হয়েছে। কোথাও পানি হাঁটুসমান, কোথাও তারও বেশি। নিউমার্কেট এলাকার বিপরীত পাশে একটি প্রাইভেট কারও পানিতে আটকে থাকতে দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের শেষ মুহূর্তে বিক্রি বাড়ার আশা থাকলেও বৃষ্টির কারণে পুরো এলাকার বাণিজ্যিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। ক্রেতা না থাকায় দোকানগুলো ফাঁকা হয়ে যায় এবং অনেক দোকানি মালপত্র রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন।

এদিকে জলাবদ্ধতার মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা পানিতে আটকে পড়া মানুষকে নির্দিষ্ট ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এক ঘণ্টার হিসেবে ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। এর আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ মিলিমিটার বৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই একই পরিস্থিতি তৈরি হয়। তাদের মতে, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অকার্যকারিতার কারণেই রাজধানীতে এ ধরনের দুর্ভোগ বারবার দেখা দিচ্ছে।