ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের আহ্বান নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র হজ।
আজ মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজ পালিত হচ্ছে। বিশ্বের নানা প্রান্ত থেকে সমবেত লাখো হাজির কণ্ঠে ‘‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাতের ময়দান।
সৌদি আরবে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। বিভিন্ন দেশের হাজিদের নিয়ে এবার মোট হাজির সংখ্যা প্রায় ১৬ লাখ। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে হাজিরা দিতে আজ হজের প্রধান আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজের দ্বিতীয় রুকন আদায়ের জন্য হাজিরা মিনায় অবস্থানের পর আরাফাতের ময়দানে সমবেত হন। বিদায় হজের স্মৃতিবিজড়িত এই ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা।
আরাফাত ময়দানের মসজিদে নামিরা থেকে জোহরের নামাজের শেষ সময়ে হজের খুতবা পাঠ করা হবে। এরপর এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিশেষ দোয়ায় অংশ নেবেন তারা।
এ বছর আরাফার ঐতিহাসিক খুতবা দেবেন মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ আলি বিন আবদুর রহমান আল-হুজাইফি। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।
এদিকে বাংলাদেশে ঈদুল আজহাকে কেন্দ্র করে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করবেন। হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে প্রস্তুত হন। তিনি পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার সিদ্ধান্ত নিলে ইসমাইল (আ.)-ও তা সন্তুষ্টচিত্তে মেনে নেন। এই ঘটনার স্মরণেই মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।