Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

প্রবাসীদের উদ্দেশ্যে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো অপরাধের বিষয়ে অভিযোগ বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। কোনো অবস্থাতেই আইন নিজেদের হাতে না নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের উদ্দেশ্যে জারি করা এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে কোনো অভিযোগ থাকলে কিংবা কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে, তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তা অবগত করতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবা সহায়তার হটলাইন নম্বর ৯৯৯ এবং ৯১১-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করে দিয়ে উল্লেখ করেছে, কোনো অবস্থাতেই অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে ব্যক্তিগতভাবে আটক রাখা কিংবা শারীরিকভাবে নির্যাতন করার কোনো সুযোগ নেই। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী এটি অত্যন্ত গুরুতর ও দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থেকে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি বজায় রাখতে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করার জন্য সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

   

About

Popular Links

x