কক্সবাজারে টানা ভারী বর্ষণে ফের পাহাড় ধসে লিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্বামী জসিম উদ্দিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুইদিনে পাহাড় ধসের ফলে ১১ জনের প্রাণহানি হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান—লিমা আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ফিস ফ্রাই বিক্রি করতেন। দুপুরে বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা ও তার স্বামী জসিম মাটিচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাহাড়ের নিচে থাকা আরও কয়েকটি ঘর মাটিচাপা পড়েছে। সেখানে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার জানান, টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এখনও বেশি। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।



কক্সবাজারে একই রাতে ৪ পাহাড়ধসে ৯ জনের মৃত্যু