Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনা জিতলেই বদলে যাবে সমীকরণ, সামনে অপেক্ষায় কোন দল?

আটলান্টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা এখন তুঙ্গে। শেষ ষোলোর লড়াইয়ে ইতোমধ্যে বিদায় নিয়েছে ছয়টি দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাশাপাশি পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।এখন শেষ আটে ওঠার লড়াইয়ে বাকি রয়েছে মাত্র দুটি ম্যাচ।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই দিনে সুপার সিক্সটিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড।

গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠা আর্জেন্টিনা রাউন্ড অব ৩২ এ নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। এবার তাদের সামনে মিশরের চ্যালেঞ্জ।

মেসিরা যদি মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, তবে শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড। শক্তির বিচারে কলম্বিয়াকেই এগিয়ে রাখা হচ্ছে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হালান্ডের নরওয়ে। দুই দলই ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

আর সব বাধা অতিক্রম করে যদি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আবারও ফাইনালে ওঠে, তাহলে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স অথবা শক্তিশালী স্পেন। টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী, ফ্রান্স কিংবা স্পেনের সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এখন সব নজর আটলান্টার দিকে। মিশরের বাধা পেরিয়ে মেসিরা কি কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে, নাকি শেষ ষোলোর মঞ্চেই থেমে যাবে তাদের বিশ্বকাপ অভিযান সেই উত্তর মিলবে আজকের ম্যাচেই।

 

   

About

Popular Links

x