Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেলজিয়ামের গোল ঝড়ে উড়ে গেলো যুক্তরাষ্ট্র

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন থামিয়ে দুর্দান্ত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ ষোলোর ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ইউরোপের দলটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখলেও তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় শেষ ষোলোর এই ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তবে মাঠের খেলায় বালোগুন প্রত্যাশা পূরণ করতে পারেননি; পুরো ম্যাচেই ছিলেন অনেকটাই নিষ্প্রভ।

অন্যদিকে শুরু থেকেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে বেলজিয়াম। নবম মিনিটে নিকোলাস রাসকিনের বাড়ানো বল থেকে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারে। শুরুতেই লিড নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে বেলজিয়ানরা।

৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান মালিক টিলম্যান। তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র দুই মিনিট। লিয়ান্দ্রো ত্রোসারের তৈরি করা সুযোগ থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থাকা অবস্থায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও নিজেদের ভুলেই আরো বিপদে পড়ে স্বাগতিকরা। ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুলের সুযোগ নিয়ে হান্স ভানাকেন সহজেই ব্যবধান ৩-১ করেন। এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র।

শেষ দিকে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। গোল করার পর তার পরিচিত নাচের উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দেয়। অনেকেই সেই উদযাপনকে প্রতীকী "ট্রাম্প ড্যান্স" হিসেবে উল্লেখ করে বিভিন্ন মিম ও মন্তব্য ছড়িয়ে দেন।

ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি টিলেমানস জানান, বালোগানকে খেলানোর সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাদের অতিরিক্ত অনুপ্রেরণা জুগিয়েছিল।

তিনি বলেন, "সত্যি বলতে, খবরটি শোনার পর আমরা দলীয় বৈঠক করেছিলাম। তখন নিজেদের বলেছিলাম, মাঠেই আমাদের জবাব দিতে হবে। আজ আমরা সেটাই করেছি। দলের জন্য আমি ভীষণ গর্বিত।"

আরও যোগ করেন, "আমরা জানতাম, শুরু থেকেই তাদের চাপে ফেলতে পারলে তারা ভুল করবে। সেটাই হয়েছে।"

পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ গঠন এবং সুযোগ তৈরিতে স্পষ্টভাবেই এগিয়ে ছিল বেলজিয়াম। ডি কেটেলারের দুর্দান্ত ফিনিশিং, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের ভুলকে কাজে লাগানোর দক্ষতাই শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ের ভিত্তি গড়ে দেয়।

এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। তবে শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। অন্যদিকে নিজেদের মাঠে বিশ্বকাপ খেলেও শেষ ষোলোর বাধা টপকাতে না পেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

   

About

Popular Links

x