আক্রমণে ছিল ব্রাজিলের একচেটিয়া আধিপত্য, কিন্তু গোলের সামনে বারবার ব্যর্থতা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল সেলেসাওদের জন্য। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। চতুর্থ মিনিটেই প্যাট্রিক বার্গ বল জালে জড়ালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। অল্পের জন্য বড় ধাক্কা এড়ায় ব্রাজিল।
দশম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় ব্রাজিল। ম্যাথিউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পটকিক থেকে ব্রুনো গিমারাইসের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।
প্রথমার্ধের বাকি সময়েও কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ নরওয়ের রক্ষণভাগ প্রতিহত করে। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই পরিবর্তন এনে খেলায় গতি বাড়ায় নরওয়ে। ৫৮তম মিনিটে ম্যাথিউস কুনহার বদলে এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন তরুণ এই ফরোয়ার্ড।
এরপর ৬২তম মিনিটে রায়ানের দূরপাল্লার জোরালো শট এবং এক মিনিট পর ব্রুনো গিমারাইসের সুযোগ দুটিই দুর্দান্ত সেভে নষ্ট করে দেন নাইল্যান্ড। ম্যাচজুড়ে অসাধারণ গোলরক্ষণের মাধ্যমে নরওয়ের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন তিনি।
৬৭তম মিনিটে শেষ চেষ্টা হিসেবে নেইমার জুনিয়রকে মাঠে নামান আনচেলত্তি। তবে ব্রাজিলের আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা মিলছিল না।
অবশেষে ৭৯তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ডান দিক থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে আলিসন বেকারকে পরাস্ত করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
এরপর ৮৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় প্রায় নিশ্চিত করেন হালান্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার জুনিয়র একটি গোল শোধ করলেও আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল।
শেষ বাঁশি বাজতেই ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় নিশ্চিত করে নরওয়ে। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস গড়ল ইউরোপের দেশটি। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।



