Saturday, October 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন করে আলোচনায় হালান্ড, বললেন ‘ভাবতেই পারিনি’

চুল কাটার পর বন্ধুদের হতভম্ব প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ করেছিলেন হালান্ড

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

নতুন মৌসুম শুরুর আগে চুলের স্টাইল বদলে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। আগস্টের শেষ দিকে তার পরিচিত সোনালি চুল ও খোঁপা কেটে ফেলার পর ফুটবল অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। বড় বড় তারকারাও প্রতিক্রিয়া জানান তার নতুন চেহারা নিয়ে।

চুল কাটার পর বন্ধুদের হতভম্ব প্রতিক্রিয়ার ভিডিও প্রকাশ করেছিলেন হালান্ড। সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও মজা করে প্রশ্ন করেন, “তুমি কী করেছ? এটা কী? তুমি কি বাজি হেরে গেছ নাকি অন্য কিছু?”

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নতুন চুলের স্টাইল নিয়ে কথা বলেছেন হালান্ড। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, নিজের নতুন চেহারা নিয়ে এতটা আলোচনা হবে, তা কল্পনাও করেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

হালান্ড বলেন, “আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা শোরগোল উঠবে। কিন্তু ভাবতেও পারিনি যে পুরো বিশ্ব আমার চুল কাটা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে। এটা ছিল মজার।”

২৬ বছর বয়সী এই ফুটবলার আরও বলেন, “রাস্তায় এখন আর আগের মতো আমাকে চিনতে পারে না। সেই সোনালি চুল আর নেই। এটা বদলে গেছে। আমি এটাকে ভালো ব্যাপার হিসেবেই দেখছি।”

মাঠের বাইরে চেহারায় পরিবর্তন আনলেও মাঠের পারফরম্যান্সে আগের মতোই উজ্জ্বল হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে সাত ম্যাচে সাত গোল করেছেন তিনি। তার দলও রয়েছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।

   

About

Popular Links

x