গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৯৬ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে। একই সময়ে নতুন করে কোনো রোগীর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৯৬ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি।
এক দিনে ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন এবং খুলনা বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।
চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এ নিয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৭৬ জন।



