Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন, ফিরছেন যারা

সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে আর্জেন্টিনার আক্রমণভাগে

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

মিসরের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শুরুর একাদশে তিনটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের একাদশে ফেরার বিষয়টি কোচ নিজেই নিশ্চিত করেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বাকি দুটি পরিবর্তন আসতে যাচ্ছে রক্ষণভাগ ও আক্রমণভাগে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’র প্রতিবেদন অনুযায়ী, চোট কাটিয়ে বাঁ দিকের রক্ষণভাগে (লেফট-ব্যাক) ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। গত ম্যাচে পেশির টানের (ক্র্যাম্প) কারণে মাঠ ছাড়তে হয়েছিল ফাকুন্দো মেদিনাকে, আজ তার জায়গাতেই শুরু থেকে খেলবেন তাগলিয়াফিকো।

মধ্যমাঠ বা মিডফিল্ডে জায়গা হারাচ্ছেন থিয়াগো আলমাদা। তার পরিবর্তে একাদশে ফিরছেন অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেস।

সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে আর্জেন্টিনার আক্রমণভাগে। লাউতারো মার্তিনেসের পরিবর্তে আজ অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরুর একাদশে দেখা যাবে হুলিয়ান আলভারেজকে। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে লাউতারো শুরু থেকে খেললেও আজ স্কালোনি আস্থা রাখছেন আলভারেজের ওপর।

আরেকটি প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ও নিশ্চিত করেছে যে, আজকের ম্যাচে আলভারেজ, তাগলিয়াফিকো ও পারেদেসকে শুরু থেকেই মাঠে দেখা যাবে। এ ছাড়া অনুশীলনে রদ্রিগো দি পলের জায়গায় নিকো গঞ্জালেজকে দিয়ে পরখ করে দেখলেও, ম্যাচের শুরু থেকে এই পরিবর্তনের সম্ভাবনা কম। পরিস্থিতি বুঝে গঞ্জালেজকে পরে বদলি হিসেবে নামানো হতে পারে।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

   

About

Popular Links

x