Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালাহ নন, এবার আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তা ১৮ বছরের হামজা!

আলোচনায় আসা এই তরুণকে দেশটির গণমাধ্যম বলছে নতুন সালাহ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

মোহাম্মদ সালাহ মিশরের সবচেয়ে বড় তারকা হলেও আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরেক নাম হামজা আবদেলকরিম। মাত্র ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন স্বপ্ন দেখছে মিশর। ইতোমধ্যে বার্সেলোনায় নাম লিখিয়ে আলোচনায় আসা এই তরুণকে দেশটির গণমাধ্যম বলছে “নতুন সালাহ”।

চলতি বিশ্বকাপে মিশরের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক করেছেন হামজা। অনেকের মতে, তিনিই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কারদের একজন। আজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন, আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়।”

সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে আলোচনায় আসেন হামজা। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নেমে আন্তর্জাতিক অভিষেকও হয়ে গেছে তার। এবার সামনে আরও কঠিন পরীক্ষা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙার চ্যালেঞ্জ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন, আমি মাঠে নামলে শুধু নিজের খেলাটা উপভোগ করি। মাঠের বাইরে কে কী বলল, সেটা নিয়ে ভাবি না। আমার পুরো মনোযোগ থাকে শুধু ম্যাচে।

মিশরের ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে এই তরুণকে। হামজা নিজেও স্বীকার করেছেন, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা মোহাম্মদ সালাহ। তার ভাষায়, সালাহ শুধু আমার নয়, পুরো দলের মেন্টর। তিনি আমাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তার মতো ক্যারিয়ার গড়া অবিশ্বাস্য। তার পাশে খেলতে পারা আমার জন্য স্বপ্ন পূরণের মতো।

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্ম নেওয়া হামজার শৈশব কেটেছে মালয়েশিয়ায়। তার বাবা সেখানে ভলিবল কোচ হিসেবে কাজ করতেন। ২০২০ সালে মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির যুব একাডেমিতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় তার উত্থান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৭ বছর এক মাস বয়সে আল আহলির মূল দলে অভিষেক করে চলতি শতাব্দীতে ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি।

মিশরের অনূর্ধ্ব ১৭ দলের হয়ে ২১ ম্যাচে ১২ গোল করার পর ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন হামজা। ফেইনুর্ড তাকে দলে ভেড়াতে চাইলেও শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা তাকে ধারে বার্সেলোনা বি দলে নেয়। পরে ১.৫ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ পরিশোধ করে স্থায়ীভাবে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।

বার্সেলোনার জার্সিতে প্রথম ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখান হামজা। মাঠে নামার মাত্র ১৫ মিনিটের মধ্যে হেডে হ্যাটট্রিক করে দলকে লিগ শিরোপা এনে দেন। এরপর বার্সা বি দলের হয়ে ১১ ম্যাচে ৮ গোল করে মূল দলের কোচ হ্যান্সি ফ্লিকেরও নজর কাড়েন। ফ্লিক ইতোমধ্যে নিশ্চিত করেছেন, আগামী প্রি-সিজন সফরে হামজা তার পরিকল্পনার অংশ থাকবেন।

বিশ্বকাপের মঞ্চে এবার সেই তরুণই মিশরের সবচেয়ে বড় ভরসা। উইঙ্গারনির্ভর দলে হামজাই একমাত্র স্বীকৃত স্ট্রাইকার। তাই আজকের ম্যাচে লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় অজানা চ্যালেঞ্জ হতে পারেন এই “নতুন সালাহ”।

   

About

Popular Links

x