Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফাইনাল মরক্কোতে হলে ২০৩০ বিশ্বকাপের আয়োজন থেকে সরে দাঁড়াতে পারে স্পেন

দেশটির বিরোধী দলের পিপলস পার্টির নেতা এমন ইঙ্গিত দিয়েছেন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা এখনো চূড়ান্ত করেনি ফিফা। এরই মধ্যে ফাইনাল মরক্কোতে হলে যৌথ আয়োজকের পদ থেকে সরে দাঁড়াতে পারে স্পেন। দেশটির বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো এমন ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ফাইনাল স্পেনেই হওয়া উচিত।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল কোথায় হবে, তা নিয়ে তিন দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে। বৃহস্পতিবার স্প্যানিশ এক টেলিভিশন অনুষ্ঠানে ফেইহো বলেন, “বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হতে হবে। যদি তা না হয়, আমার মতে, স্পেনের বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত থাকা উচিত নয়।”

ফাইনাল স্পেনে না হলে তার দল ক্ষমতায় থাকলে স্পেনকে আয়োজক থেকে প্রত্যাহারের উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফাইনাল স্পেনে আয়োজনের জন্য তিনি কাজ করছেন। জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ফাইনাল স্পেনেই হওয়া উচিত।

অন্যদিকে, মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে দাবি করেছিলেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে কাসাব্লাঙ্কা।

ফিফা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। সংস্থাটি এ মাসে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন শুরু করেছে। শহরগুলোর ম্যাচ আয়োজনের সক্ষমতা যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

   

About

Popular Links

x