করিন্থিয়ান্সের কাছে হেরে কোপা লিবার্তাদোরেস থেকে ছিটকে যাওয়ার পর অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোজারিও সেন্ট্রাল হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তার দল।
ম্যাচ শেষে হতাশা ঝরে পড়ে ডি মারিয়ার কণ্ঠে। তিনি বলেন, “এটা কঠিন মুহূর্ত। কারণ আমার স্বপ্ন ভিন্ন ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল অন্যরকম চালিয়ে যাওয়ার। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি কী করে যেতে চাই।”
২০২২ বিশ্বকাপজয়ী এই প্লেমেকার গত জুনে নিজের প্রিয় ক্লাব রোজারিও সেন্ট্রালের সঙ্গে চুক্তি নবায়ন করেন। ইউরোপে দীর্ঘ ১৮ বছর কাটিয়ে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি নিজের শৈশবের ক্লাবে ফেরেন। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচ খেলে ১৪ গোল ও সাত অ্যাসিস্ট করেছেন ডি মারিয়া। তার হাত ধরেই ২০২৫ সালে প্রফেশনাল লিগ চ্যাম্পিয়ন হয় রোজারিও সেন্ট্রাল, আর ওই শিরোপা জিতে বাৎসরিক পয়েন্ট টেবিলেও শীর্ষে ওঠে ক্লাবটি।
প্রসঙ্গত, টানা দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতা ডি মারিয়া ২০২৪ সালে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পরই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। আর্জেন্টিনার জার্সিতে তিনি খেলেছেন ১৪৫ ম্যাচ, করেছেন ৩১ গোল।



