ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ-উল-আজহার নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি৷

স্থানীয়রা জানায়, বংশাই নদীর এপাড়ে কালিহাতী, ওইপাড় সখীপুর উপজেলা। নদী তীরবর্তী হওয়ায় পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ পড়েন। নদীতে পানি থাকলে খেয়া নৌকা দিয়ে সখীপুরের বাসিন্দাদের পার হতে হয়।

এবারও ঈদ-উল-আজহার নামাজ পড়তে আসেন তারা। পরে বৃহস্পতিবার ১১টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লি দুপুর ১২টার দিকে খেয়া নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর যাওয়ার পর ডুবে যায়। পরে সাঁতার কেটে সবাই নদীর পাড়ে উঠেন। এতে কেউ হতাহত হননি।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে বংশাই নদীর উপর ব্রিজের দাবি করে আসছিলেন।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব বলেন, “নামাজ শেষ মুসল্লিরা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর গিয়ে ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হননি।”

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।