রাতের আঁধারে পুকুরে বিষ, অর্ধকোটি টাকা ক্ষতি

ফরিদপুরে রাতের আধারে পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এমন ঘটনায় নিঃস্ব হয়ে গেছে মৎস্যজীবি অনিমেষ সরকার নামের ব্যক্তি।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মৎস্যজীবি।

জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ সরকার নিজ গ্রাম সহ বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করে আসছেন।

বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা চারটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে গিয়ে দেখতে পান পুকুরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠে রয়েছে। রুই, কাতল, টেংরা সহ বিভিন্ন জাতের মাছ ছিল সেখানে। চারটি পুকুরের মাছই মরে ভেসে ওঠে। 

মৎস্যজীবি অনিমেষ সরকার জানান, ধার দেনা করে অন্যর কাছ থেকে পুকুর লিজ নিয়ে আমি মাছ চাষাবাদ করি। আমি নিঃস্ব হয়ে গেছি। চারটি পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে গেছে। আমার এধরনের ক্ষতি যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই পুলিশের প্রতি। 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।